শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কবিতা, চট্টগ্রাম, দেশ, নারী, সাহিত্য

স্তব্ধতা / পুষ্পিতা সেন

বুধবার, ১২ জুলাই, ২০২৩ ৪৯১ Time View

শেকড় চলে গেছে নিচে
নেমে গেছে বহু স্তর
খোঁজ পেতে বড় দুস্কর
কে আপন কেবা পর।

তুমি আমি একে অন্যে
মিশে গেছি পরম্পরায়
সৃষ্টির শুরু থেকে আজও
মিলেমিশে এ ধরায়।

রক্তে মিশেছে বহু রক্ত
রক্ত ধারণ কলে
কি করে চিহ্ন হবে মানব
কে আছে কার দলে!

নিশ্বাস বায়ু মিশেছে বাতাসে
শরীরের কত ঘ্রাণ
করা কি সহজ পৃথক তাদের
কার কি অবদান!

ছু্ৎ অচ্ছুৎ মন্দ ভালো
আছে যার যত ধী,
বাহ্য চোখে যায় নাতো বোঝা
কার আছে কত কী!

একআকাশ তলে রয়েছি সবাই
হয়েছে সবারই ঠাঁই
নিয়েছে প্রকৃতি জড়ায়ে বুকে
মায়া আর মমতায়।

তবুও মানুষ করে ব্যবধান
রাজনীতির ছক এঁকে
ধর্মনীতির দোহাই তুলে
সব দিচ্ছে ঢেকে।

বোধগুলো তাই নির্বোধ হল
নিশ্বাসে বয় বিষ,
ভালবাসাগুলো রয় অধরা
নেই প্রীতি আর আশিস।

সবার বাড়ি, আড়াল, আড়ি
মন দোর নেই খোলা
দিনগুলো সব পাল্টে যাচ্ছে
স্তব্ধ হচ্ছে বলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


License Activation Required: for shailitv License is not activated. Please activate the License.