অবিনশ্বর টান / রিনিক মুন
তোমাকে ভালোবাসি বলেই
এই মৃতপ্রায় দেহে এখনো প্রাণের ক্ষীণ স্পন্দন বাজে।
আমি তো বহুকাল আগেই নিভে গিয়েছিলাম
এক নির্জন আঁধারের মতো থমকে ছিল আমার সমস্ত সত্তা,
যেখানে কেবল ছিল চিরতরে মুছে যাওয়ার নীরব অপেক্ষা।
ঠিক তখনই এক অলৌকিক আলো হয়ে তোমার আগমন।
তোমার ওই এক ফোঁটা পরম মায়ার স্পর্শে
আমার এই পাষাণ হৃদয়ে আবার ব্যাকুল স্পন্দন ফিরে এলো,
মরে যাওয়া সত্তায় জেগে উঠলো নতুন করে বাঁচার তীব্র আকুলতা।
এখন তোমাকে ঘিরেই আমার সমস্ত আলো,
তোমাকে ঘিরেই এই বেঁচে থাকা।
অথচ কী অদ্ভুত এই প্রেমের নীরব বিষাদ!
যে আমি একসময় এক নিমেষে চিরতরে শেষ হয়ে যেতে চেয়েছিলাম,
আজ তোমাকে ভালোবেসে আমি প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাই।
এই প্রতিদিনের ক্ষয়ে যাওয়াতেই আমার পরম আশ্রয়,
কারণ তোমাকে ভালোবাসার এই যে অবিনশ্বর টান
তা আমায় প্রতিনিয়ত ব্যাকুল করে রাখলেও,
কখনো সম্পূর্ণ বিলীন হতে দেয় না…
Leave a Reply