জীবন / কোহিনুর আকতার
জীবনটা আসলে খুব ছোটো,
আমরা কতো কিছু পাওয়ার আশায়
জীবনটাকে প্রতিদিন দূরে ঠেলে দিই—
আমরা সুখ খুঁজি দূরের কোনো প্রান্তে
অথচ সুখ তো লুকিয়ে থাকে—
সুস্থ শরীরের স্বাভাবিক নিঃশ্বাসে প্রশ্বাসে।
জীবন আসলে বড় কোনো আয়োজন নয়,
জীবন হলো—
আজও চোখ মেলে সকাল দেখা; বুক ভরে শ্বাস নেওয়া;
আজও কাউকে ভালোবাসতে পারা, নিজের মতো করে বেঁচে থাকা।
জীবন যখন কোনো কিছু কেড়ে নেয়
তখনই বোঝা যায়—
যা ছিল, সেটাই ছিল সবচেয়ে বড় পাওয়া।
তাই সব না পাওয়ার হিসেব সরিয়ে রেখে-
যা আছে, তাকে অনুভব করা।
প্রিয় মানুষটির সঙ্গে একটু বেশি কথা বলা,
বিকেলের আলোয় একটু দাঁড়ানো একটু হাঁটা,
মন খুলে হাসা,
অকারণে ভালোবাসা।
তাই যা নেই, তার হিসাব না করে
যা আছে তার জন্য কৃতজ্ঞ হই।
জীবনকে কালকের হাতে তুলে না দিয়ে
আজকের মুহূর্তটুকু আপন করে নিই।
কারণ জীবন একদিন থেমে যাবে,
চাওয়া-পাওয়ার সব গল্প শেষ হবে;
তার আগে যতদিন শরীর-মন সঙ্গ দেয়,
ততদিনই পৃথিবীটা নিজের,
ততদিনই জীবনটাকে ভালোবেসে বাঁচি।
জীবনকে আমরা কত সহজে
অপূর্ণতার নামে ডেকে যাই—
যা পাইনি তার হিসাব করি,
যা আছে তার মূল্য ভুলে যাই।
তাই আজ যা নেই,
তার জন্য নিজেকে পোড়াবো না।
যে মানুষটি পাশে আছে,
তাকে ভালোবাসার কথা বলবো;
যে সকালটি এসেছে,
তাকে কৃতজ্ঞ চোখে দেখবো।
জীবন কোনো দীর্ঘ প্রতিশ্রুতি নয়,
জীবন হলো—
এই মুহূর্তটুকু–
এই নিঃশ্বাসটুকু–
এই ভালোবাসাটুকু।
যদি বুক ভরে বলতে পারো—
“আমি সুস্থ, আমি বেঁচে আছি,
আজও ভালোবাসতে পারি”—
তবে বিশ্বাস করো–
জীবন এখনও তোমাকে
তার সবচেয়ে সুন্দর উপহারটি দিয়ে যাচ্ছে।
Leave a Reply