শরৎ মানেই আলোর উৎসব / রিনিক মুন
নীল আকাশে সাদা মেঘের
মেলে দিল ডানা,
শরৎ এলো রোদ-হাসিতে
নেই তো কোনো মানা!
কাশের বনে হাওয়ার দোলা
সাদা শাড়ির সাজ,
শিউলি ফুলের গন্ধে আকুল
আজকে সকাল-সাঁঝ।
দিঘির জলে শাপলা হাঁসে
রঙিন ডানা মেলে,
মাছরাঙাটা ডুব দিয়ে যায়
পাখনা দুটি ফেলে।
ধানের খেতে সবুজ ঢেউয়ে
রোদের খেলা চলে,
মিষ্টি হাওয়ায় মন ভেসে যায়
নদীর ছলছলে।
শরৎ মানেই আলোর উৎসব
আনন্দেরই সুর,
সাদা মেঘের ভেলায় চড়ে
মন হারায় বহুদূর!
Leave a Reply