বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

তোমার জন্য স্বপ্ন রাশি রাশি / রাশেদ রউফ

তুমি-
বাজাও যখন খঞ্জনি- ঝুমঝুমি,
তোমার সঙ্গে খেলা করে কল্পনা আর গান-
হাওয়ায় ভাসে রঙিন ঘুড়ি, নদীতে সাম্পান।

তোমার ছাদে সাঁতার কাটে চাঁদ –
নিখাদ আলোয় তারার মেলা, আনন্দ আহ্লাদ!
চাঁদের আলো বাঁধনহারা, বিছিয়ে রাখে জাল-
রূপকথারই স্বপ্নরঙে রাত্রি টালমাটাল।

তুমি তখন ভাঙতে থাকো রূপ-অরূপের সিঁড়ি
সুরের মায়ায় দূরের হাওয়া বইছে ঝিরিঝিরি।

সিঁড়ির পরে সিঁড়ি ভেঙে মেঘ ছুঁতে চাও? যাও-
গামছাতে মেঘ ছেঁকে নিয়ে বৃষ্টিকে পাকড়াও।

টাপুর টুপুর বৃষ্টিজলে
চতুর্দিকে কৌতূহলে
রূপকথারা জেগে ওঠে, চুপ থাকে না কেউ-
ফুলের গন্ধে আকুল এ মন, ছন্দে আনে ঢেউ।

তুমি-
বাজাও যখন খঞ্জনি-ঝুমঝুমি
উকুস টুকুস জোছনা জলে ছাপিয়ে দুষ্টুমি
মেতে ওঠে সবুজ-শ্যামল প্রিয় মাতৃভূমি।

তোমার জন্যে বিশাল আকাশ, তোমার জন্যে ছায়া,
তোমার জন্যে ভালোবাসা, তোমার জন্যে মায়া।
তোমার জন্যে মন আনচান, সুখ-অফুরান হাসি,
তোমার জন্যে সোনার বাংলা, স্বপ্ন রাশি রাশি।


আপনার মতামত লিখুন :

২ responses to “তোমার জন্য স্বপ্ন রাশি রাশি / রাশেদ রউফ”

  1. মাহফুল আখতার says:

    বরেণ্য শিশুসাহিত্যিক রাশেদ রউফের কিশোর কবিতা “দেশ”কিশোরদের জন্য একটি অনন্য কবিতা। বরাবরই এমন মজার কবিতা লেখেন তিনি।শিশু কিশোর ও দেশের প্রতি তার গভীর মমতা প্রতিটি লেখায় ফুটে উঠে।

  2. S M Kutubuddin Bakhtair says:

    কবিতাটি পড়ে ছন্দের জোয়ারে ভেসে গেলাম। মন ছুঁয়েছে কাব্য রসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *