বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
মাহবুবা চৌধুরী এক বহুমাত্রিক লেখকের নাম। ‘এক মুঠো চাঁদ’, ‘প্রেতের নগরী’, ‘হাতের দু’ভাঁজে ঘুম’ ‘ক্ষুধার্ত আঁধার হাসে’ ও ‘চলো বেলাবেলি ফিরে যাই’ গ্রন্থগুলোর মাধ্যমে তিনি সাহিত্যাঙ্গনে পেয়েছেন এক শক্তিশালী কবির সমৃদ্ধ পরিচিতি। জীবনের নানাদিক বিচিত্ররূপে উপস্থাপিত করেছেন গ্রন্থভুক্ত কবিতায়, যেখানে শব্দরা কথা বলে ওঠে। নতুন ব্যঞ্জনা সৃষ্টির উন্মাদনায় তিনি যেমন বিভোর থাকেন, তেমনি পাঠকদেরও মোহগ্রস্ত করে রাখেন নতুন চিন্তার ফল্গুধারায়।
এবার মাহবুবা চৌধুরী পাঠকদের সামনে হাজির হলেন সৃষ্টিশীল গল্পকার হিসেবে। প্রজ্ঞাপারমিতা গ্রন্থের প্রতিটি গল্পেই একজন সুদক্ষ কথাশিল্পীর ছাপ সুস্পষ্ট। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তাঁর গল্পকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। গল্পগুলোয় যেমন সমসাময়িক সামাজিক সমস্যা আছে, তেমনি আছে প্রেম, বিরহ ও মানবীয় নানা অনুষঙ্গ। গল্পগুলোর উপাদানে বৈচিত্র্য আছে, চরিত্র নির্মাণে রয়েছে দক্ষতা। বলা যায়, মাহবুবা চৌধুরীর গল্পগুলোর চরিত্রের কণ্ঠস্বর অত্যন্ত শাণিত এবং গল্পের শৈলীও বলিষ্ট।
কবিতার মতো ছোটগল্পেও মাহবুবা চৌধুরী প্রতিভাদীপ্ত ও সপ্রাণ। এ ক্ষেত্রে তিনি প্রাতিস্বিক। তিনি সমাজবাস্তবতার প্রত্যক্ষ অভিজ্ঞতাকে পুুঁজি করেই তাঁর গল্পের পসরা সাজিয়েছেন। সেইসঙ্গে শিল্পনৈপুণ্যের সমারোহে গল্পগুলোকে করেছেন রসোত্তীর্র্ণ। বিষয়ভৈবব ও শিল্পগুণের নিক্তিতে তাঁর গল্পগুলো মর্যাদা লাভ করতে পারবে অনায়াসে-সেই প্রত্যাশা নিঃসন্দেহে করা যায়।
বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী নাটু বিকাশ বড়ুয়া। মুদ্রণ: আইকো। মূল্য ২৮০ টাকা। প্রকাশ করেছে শৈলী। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫। পাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম-এর বইমেলায়। ঢাকা স্টল নম্বর -৪০০, চট্টগ্রাম স্টল নম্বর ১-২।