বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শ্রাবণ শেষে প্রাণের মাঝে / রূপক কুমার রক্ষিত

আকাশেরও ভালো লাগা আছে,
উপেক্ষার উদাসী ভাষা আছে,
প্রেমকাতর অন্তহীন অবিনাশী পথে
ঘোর অনুরাগে অথবা অনাহুত অনাদরে
নীল আবেগে ভাসা আছে ;
নজরে থাকা, না বলা
কষ্ট কথার গভীর অনুরণনে
সংলাপ ঠাসা বিমূর্ত মৌনতা আছে।

বিদীর্ণ বিচলতায় অবিরাম
কুড়ে-কুড়ে খায়, ষৌড়সী চেতনার
পুরোদস্তুর কবিতার নিয়মের কথা;
হৃদয়ের গোপন ভালোলাগার খোয়ার
শত আঘাতে চূর্ণ-বিচূর্ণ প্রায়,
মেঘবৎ অনুভবে, স্বপ্নের দেহজুড়ে
নিদারুন আঁতুরে ব্যাথা।

ইচ্ছেডানাগুলো অপূর্ণতায় দানা বেঁধে
অনিচ্ছায় কুপোকাত,
নিষ্ঠুরতায় নিষিক্ত অচেনা অবয়বে
নিয়তি মরমে মরে ধুঁকে ধুঁকে সাজে;
নিত্যকলার চিরায়ত ছন্দ হারিয়ে
আকাশের নির্মম আর্তনাদ,
গুরুগম্ভীর গানে বেদনায় ঝরঝর ঝরে
শ্রাবণ শেষে প্রাণের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *