বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

মায়া / রিনিক মুন

হুট করে তো আসে না প্রেম, হঠাৎ পাওয়া আলো,
ধীরে ধীরে মন চিনে নেয়-কাকে বাসবে ভালো।
ভিড়ের মাঝেও তুমি যেন শান্ত কোনো নদী,
দূর থেকে তাই চেয়ে থাকি, সময় থামে যদি।
তোমার অমন গম্ভীর রূপ, ব্যক্তিত্বের ওই টান,
তারই প্রেমে পড়েছে মন, হারাচ্ছে হুঁশ-জ্ঞান।
কথা বলার মিষ্টি ধরন, চোখে মায়ার রেশ,
সবকিছুতেই জড়িয়ে আছ, তুমি অনন্য বেশ।

এখন তুমি আমার কাছে একলা থাকার গান,
রোজকার ওই অভ্যেসেতে জুড়িয়ে দেওয়া প্রাণ।
সকাল-সাঁঝের ভাবনায় তাই তোমার আসা-যাওয়া,
এই জীবনে তোমায় ভাবা সবচেয়ে বড় পাওয়া।

দূরত্ব সে যতই থাকুক, কমবে না এই টান,
তোমার মায়ায় লিখে গেলাম আমার প্রথম গান।
হুট করে তো আসে না প্রেম, চিরন্তন এই রেশ,
তুমি আমার ভালোলাগা, আমার মায়ার শেষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *