বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

রাশেদ রউফ-এর কবিতা / আয় রৌদ্র, আয় শান্তি

আয়রে রৌদ্র, আয়রে রৌদ্রদিন
তোর আদরে এই আকাশে ঘুড়িরা উড্ডীন।
তোর জন্য মেঘ উড়ে যায় দূরে
তোর জন্য বিশ্বটা রঙিন।

নতুন করে উড়ছে এখন বিষ
হাওয়ায় হাওয়ায় গিলছি অহর্নিশ।
রক্তে-যুদ্ধে মুক্ত হয় এ আকাশ
ও মেঘ তুই মনে কি রাখিস?

আয়রে রৌদ্র, আয়রে রৌদ্রতাপ
তোর আলোতে যাক মুছে সব পাপ
তোর আগুনে দগ্ধ হবে জানি
জড়িয়ে থাকা ছড়িয়ে থাকা সাপ।

সাপ পালাবে বাপ ডেকে – বাপ ডেকে
দেশের সকল খানাখন্দ থেকে
সাম্প্রদায়িক মোষ তাড়ানোর জন্য
আয়রে রৌদ্র! তুই বসবি জেঁকে।

আয়রে রৌদ্র, আয়রে আমার আলো
আয়রে শান্তি, আয়রে সকল ভালো।

[কবিতাটি কী শোভা কী ছায়া গো গ্রন্থে স্থান পেয়েছে]


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *