বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সন্ধ্যার নরম আলোয় বসে কখনো মনে হয়
শুধু স্মৃতি নয়,
তোমার জীবাশ্মও যেন বয়ে বেড়াই আমি।
সময় যার ওপর বালির মতো জমে থাকে,
তবুও ছুঁয়ে দেখলে বুঝি—
ভালোবাসা আসলে কখনোই পুরোপুরি ভাঙে না,
শুধু রূপ পাল্টায়, গন্ধ পাল্টায়, নাম পাল্টায়।
এক কাপ কফি শেষ করে
আমরা কত সহজেই ‘মুভ অন’ বলি,
কত দ্রুত ঝেড়ে ফেলি স্মৃতির বালুকণা!
যেন যারা ভুলে যায় তারাই সবল,
যারা মনে রাখে তারাই দুর্বল—
এমন আজব নিয়মে চলে আমাদের জীবন।
কিন্তু ভালোবাসা কি সত্যিই এতো তাড়াতাড়ি হারিয়ে যায়?
লখিন্দরের জন্য বেহুলার মতোই
আমাদের ভেতরেও কি হাঁটে না কেউ,
অচেনা কোনো জলাভূমি পেরিয়ে,
অন্ধকারের ভিতর দিয়ে, জেদে, ব্যথায়, ধৈর্যে—
শুধু একটি স্মৃতিকে বাঁচিয়ে রাখতে?
জীববৈচিত্র্যের এই বিশাল পৃথিবীতে
আমরা শিখেছি একে অপরকে খুবলে নিতে,
হারাতে, সরাতে, ভুলে যেতে।
কিন্তু ভালোবাসা—
তার ভেতরের টানটি—
কিছুতেই মরে না, ক্ষয়ে যায় না,
চোরা স্রোতের মতো বয়ে যায় গভীরে।
হয়তো বাহক হারিয়ে যায়,
হয়তো মুখ, নাম, ছায়া বদলে যায়—
তবুও যে স্পর্শ একদিন শিরায় নেমেছিল
তা থেকে যায়,
নিষ্পন্দ জীবাশ্ম হয়ে নয়,
জীবন্ত ব্যথা হয়ে,
গোপন আলো হয়ে,
অদৃশ্য কোনো টান হয়ে।
আমরা যতই দূরে সরে যাই,
ভালোবাসা ততই কোমলভাবে মনে করিয়ে দেয়—
সামান্য একটা মানুষও
কারও জীবনে মহাদেশের মতো গভীর দাগ রেখে যেতে পারে।