বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
তুমি আমাকে আঘাত দিও, যদি তাতে তোমার হৃদয়টা একটু হালকা হয়।
আমি কষ্ট পাবো, তবু শান্তি পাবো জেনে
তুমি এখনো আমার সাথেই আছো,
আমার নামটুকু এখনো তোমার নিঃশ্বাসে মিশে আছে।
তুমি চাইলে অভিমান করো,
আমি অভিমান ভাঙাতে জানি।
তোমার নীরবতায়ও আমি শুনে ফেলি তোমার ভালোবাসার কম্পন
যেন দূর আকাশে মেঘ জমে বৃষ্টির গন্ধ ছড়িয়ে দিচ্ছে।
তুমি জানো তো, আমি তোমাকে শুধু ভালোবাসিনি,
আমি তোমার ভেতরেই বাঁচতে শিখেছি।
তোমার হাসি আমার ভোরের আলো,
তোমার অভিমান আমার রাতের নিঃসঙ্গতা।
তুমি না থাকলে এই পৃথিবীর সমস্ত শব্দ
হঠাৎ করেই অর্থহীন হয়ে যায়।
তুমি যদি দূরে যাও, আমি তবু তোমার ছায়ায় থাকবো।
চোখ বন্ধ করলে তোমার মুখখানি ভেসে উঠবে,
তোমার নামটা গলে যাবে আমার নিঃশ্বাসে।
তুমি বুঝবে না
তোমার প্রতিটা নীরবতা, প্রতিটা দূরত্ব
আমার বুকের ভেতর ঝড় তোলে,
আমি তখনও তোমাকেই খুঁজি প্রতিটা শব্দে, প্রতিটা নিঃশ্বাসে।
তুমি যদি একদিন আমার লেখা পড়ো,
জেনো, এর প্রতিটা অক্ষর তোমার নামের জন্য পুড়েছে।
এই লিখার প্রতিটা শব্দে তোমার ছোঁয়া আছে,
যেভাবে ফুলে থাকে শিশির,
আর চোখে থাকে অপ্রকাশিত ভালোবাসা।
আমি জানি, হয়তো তোমার জীবন তোমার মতো করেই চলবে,
আমার উপস্থিতি ছাড়াও সূর্য উঠবে,
কিন্তু বিশ্বাস করো
আমার পৃথিবীতে তুমি ছাড়া আর কিছুই আলো দেয় না।
তুমি আমার না-পাওয়া গানের সুর,
আমার অসম্পূর্ণ কবিতার শেষ পঙ্ক্তি।
আমি চেয়েছিলাম তোমায়,
কিন্তু পেয়েছি তোমাকে হারানোর ভয়।
তবু আমি কৃতজ্ঞ
কারণ তোমাকে ভালোবেসে আমি নিজেকে খুঁজে পেয়েছি।
তুমি শুধু থেকো- হয় দূরে, নয় কাছে,
কিন্তু থেকো আমার প্রার্থনায়,
কারণ আমি এখনো তোমায় ভালোবাসি,
অগণিত শব্দের বাইরে, সময়েরও ওপারে।