শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

পথ বিড়ম্বনা / শুকলা আচার্য্য

শহুরে গাড়ি গ্রাম্য গাড়ির
লাগলো মহা দ্বন্দ্ব,
নিয়ম নীতির কঠোর চালে
যাত্রী সেবা বন্ধ।

শহর যেথা শেষ সেখানে
গ্রামের সীমা শুরু,
মাঝখানে যে ভূমি আছে
তার কি হবে গুরু?

উদয়াস্ত শশব্যস্ত
যাত্রী নামক প্রাণী,
যানের লোপাট, চালকের হাঁক
চলছে যে হয়রানি।

এই এই এই কর্তা এলো!!
পড়ছে সোরগোল
পালাই পালাই কোন দিকে ধায়
সবার একই বোল!

যাত্রী মরে হকচকিয়ে
কোন বিদিশা হলো,
কানুন দেখে দ্বিধায় ভাবে
দেশটা এত ভালো?

নতুন ধারায় ফিরুক সবই
সবার অভিমত,
আধেক সেবায় বাড়তি ভাড়ায়
চলবে কেন রথ?

পুরান প্রথা ভাঙ্গলে যদি
নতুন কিছু হোক,
কেন মিছে কষ্ট পাবে
অযুত শত লোক?

আমরাও বেশ সহনশীল
স্পিক টি নট,
কেই বা জানে কখন হবে
রাজার মাথা হট!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *