শনিবার, ৩০ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শারদীয় উৎসব ডাকে আয় আয় / রাশেদ রউফ

শারদীয় উৎসব ডাকে আয় আয় / রাশেদ রউফ

নেই কালবৈশাখী উন্মাদনা
গুরু গুরু মেঘধ্বনি জলের কণা
বজ্রের হুঙ্কার কাড়া-নাকাড়া
গ্রীষ্মেরও নেই কোনো তপ্তধারা
চারদিক হেসে ওঠে পবিত্রতায়-
শারদীয় উৎসব ডাকে আয় আয়।

রাত আসে অপরূপ মাধুরী নিয়ে
চাঁদ হাসে জোছনায় আলো ছড়িয়ে
নীল জলরাশি চায় অসীমের সীমা
হাসে শাদা কাশবন, হাসে শ্যামলিমা
পৃথিবী সেজেছে আজ রূপ-মহিমায়-
শারদীয় উৎসব ডাকে আয় আয়।

মাছের পেটের মতো রোদ চকচকে
খেলা করে চোখে চোখে থাকে ঝকঝকে।
কখনো সবুজ ঘাসে, কখনো ফুলে
কখনো বা বয়ে যাওয়া নদীর কূলে
কখনো ঝিলিক মারে গাছের পাতায়
শারদীয় উঃসব ডাকে আয় আয়।

পূজামন্ডপে বাজে ঢাক কুড় কুড়
সঙ্গে সানাই কাঁসি সন্ধ্যা-দুপুর
ঢোলের ছন্দে হাসে পুরো উৎসব
পায়ে পায়ে ধীরে ধীরে ফিরে শৈশব
কোথায় বালকবেলা
কোথায় খুশির মেলা
মন ছোটে রঙে বোনা উপতাক্যয়-
শারদীয় উৎসব ডাকে আয় আয়।

রৌদ্রে ঝলসে যাওয়া ঘাসের মতো
মমতা শুকিয়ে যায়, হই আহত।
বন্ধুরা কেউ নেই, নেই স্নেহ প্রীতি
তবুও ডুকরে ওঠে শৈশব স্মৃতি!

স্মৃতিরা হাসায় আর স্মৃতিরা কাঁদায়
শারদীয় উৎসব ডাকে আয় আয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *