বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

বুকের মন্দিরে বাজে প্রার্থনার অমল সংগীত / রাশেদ রউফ

বোকাচণ্ডীরা সঙ্গম আর ধর্ষণের মধ্যে কোনো পার্থক্য বোঝে না।

জীবনের ধ্বনি প্রতিধ্বনি থেকে
হিমালয়ের মতো ফুলে ফুঁসে ওঠে ক্ষুধা আর তৃষ্ণার জলবাষ্প
একদিকে সুতীব্র বাসনার মধ্যে জ্বলজ্বল করে স্বপ্নরাশি
উল্টাদিকে পাশবিক আক্রমণে বিধ্বস্ত হয় উপাসনালয়।

একপক্ষে শব্দসংগীতের মতো
কবিতার সুরের মতো
অমিত সম্ভাবনার বিপুল শক্তির মতো চলে সুন্দরের আরাধনা,
অন্যপক্ষে প্রচণ্ড ফুৎকারে নিশ্চিহ্ন হয় ঐশ্বরিক অস্তিত্ব
দুঃস্বপ্নের মতো সবকিছু দুমড়ে মুচড়ে বিস্তার ঘটে অন্ধকারের সাম্রাজ্য।

তোমার মায়াময় স্নিগ্ধ মুখের মতো
আমি জেগে উঠি আকাঙ্ক্ষার সুউচ্চ শিখায়
ক্রমাগত কল্লোলে উজ্জ্বল হই সফল পূর্ণতায়।

ক্রমাগত নির্মাণে আছি, আছি ধ্বংসের বিপরীত
আমার বুকের মন্দিরে বাজে প্রার্থনার অমল সংগীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *