রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

মৌষলকাল / লুনা দাশগুপ্তা

বিপন্ন এক অদ্ভুত আতংক ছেয়ে আছে বনভূমিতে,
ঝরা পাতার মর্মর ধ্বনি শ্লেষের আত্মগ্লানিতে;
আকণ্ঠ ডুবে গেছে চোরাবালিতে।

আজন্ম বসবাস করা ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গগুলো
নিরাপদ আশ্রয়ের জন্য গর্ত খুঁড়ে চলছে,
সম্মুখে বিশাল সমুদ্র আকাঙ্ক্ষার আর্তনাদ গ্রাস করে নিয়েছে।
বিকেলের মাঠে দানা শস্য ছড়িয়ে দিতো যে উষ্ণ হাত,
বাহু খসে পড়েছে অজানা ছত্রাকের আক্রমণে,
পাখিরা সুনসান নীরব, উপলক্ষ নেই ব্যস্ত কেবলই নৈমিত্তিক যাপনে।

শ্বাপদরা অগ্নিহলকায় নক্ষত্রদের ঘুম থেকে তুলছে টেনে,
বেদনায় ডুবে যাওয়া অলঙ্ঘ্য পরিখায় বনহরিণী
আঁছড়ে পড়ছে দিগন্তের ঝাঁপিতে,
রাক্ষুসে লতায় পেঁচিয়ে যাওয়া বনফুল মাথা খুঁড়ছে নিজের ছায়া মাপতে।

অনাহুত সুন্দর বর্ণচোরা তক্ষকের মত
পোকা খাওয়া পাতার পেছনে লুকাতে ব্যস্ত,
সূর্য আড়াল হলেই শোনা যায় কাল ভৈরবের প্রলয়ঙ্কারী নৃত্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *