বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
আমি ঘুরে বেড়িয়েছি পালক ঝরা পাখির মতো শূন্যতার আকাশে,
তবুও সহসা নেমে এলাম সাদা শাপলার বাঁকে,
যেখানে কর্ণফুলী সংঘবদ্ধ দুকূলের সাথে,
লেকের পাড়ে,বনানীর আবাসে, সবুজে।
আমারও তাদের সাথে আজ একাত্মতা:
কর্ণফুলীর পরিচ্ছন্ন জলে আমি যেন
ভেসে চলা কোন সোনালী রাজহংসী!
তৃষ্ণার ভেতর থেকে উঠে আসা সুদূর
চরাঞ্চল ঘেঁষা কোন এক জল ঘাট,
একাকী চরে দাঁড়িয়ে আছে সভ্যতা
আদি যুগ ধরে সাদা কাশের সাথে,
চালতার সোনালি পাতার সাথে নিগূঢ় বন্ধন।
স্বপ্নে আঁকা যার ছবি সে আমি, নির্জনে
একাকী চলেছিলাম কোন উদাস দুপুর
কিংবা ঘোর লাগা মুহূর্তে ডাহুকের ডাক;
হোক না সে বিটপীর ছায়ায় বা নীলাকাশে
নয়তো জোছনা ভরপুর মায়াবী রাতে,
অগুণতি সিঁড়ি বেয়ে নেমে আসা ঝর্ণার জলে।
ডুব সাঁতারে নিমগ্ন থেকে চোখের পলকে
বিভোর হয়ে পড়ি নিশিন্দার মদিরতায়।