বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
আষাঢ়ের ঘনঘোর বরিষণে
তোমার হাতে একগুচ্ছ কদম নিয়ে
আমার কাছে এসে দাঁড়ালে তুমি
একগাল হেসে বললে,
প্রিয়,এই নাও এক মুঠো প্রেম!
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে উঠেছে পথটা
তুমি হাত বাড়াতেই বাতাসের তীব্র ঝাপটা
মুখে এসে পড়ল, কানে কানে বলে গেলে
তোমার জন্য আমার আজন্ম ভালোবাসা।
তোমার নীল শাড়িতে নিজেকে হারিয়ে খোঁজা
তোমার মাঝে হাজার স্বপ্নে খুন হওয়া
এই নাও প্রেয়সী, এক মুঠো প্রেম।
পুকুরের জলে বৃষ্টি জলের ফোঁটা অপূর্ব ছন্দের যাদুতে মুগ্ধ করে রেখেছে আমার দুচোখ,
হঠাৎ পেছন থেকে চোখ ঢেকে দিলে তোমার হাতের স্পর্শে ভালোবাসার আবেশে।
আবার কানে কানে ফিসফিস করে বলে গেলে
এই নাও প্রিয়তমা, এক মুঠো প্রেম।
বাগানে অবাক হয়ে দেখছি রঙ্গন ফুলের সমারোহ
কামিনি ফুটে আছে তাঁর শুভ্রতার চাদর গায়ে।
বেলীর সুগন্ধিতে মাতয়োরা আমি বৃষ্টি জল মাখছি গায়ে চঞ্চল প্রাণের দ্বার খুলে,
এমনি সময় তুমি এসে খোলা চুলে মুখ লুকিয়ে বললে ওগো ধন্য করো আমায়
নিয়ে এক মুঠো প্রেম।
আমি ডুবছি, আমি ভাসছি প্রেমের আহবানে
মুঠো মুঠো সোনালু প্রেমে হারিয়ে ফেলছি নিজেকে।
এত সূধা!আহা কি আনন্দ,কি আনন্দ!!
বৃষ্টি তুমি থেমো না এখন, ঝরঝর করে
বারি বর্ষণ করো অবিরত নব হিন্দোলে,
আমি আজ ময়ূরপঙ্খি হয়ে হারিয়ে যাব বৃষ্টিজলে
আষাঢ়ের ঘণঘোর বরিষণে।।