বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সম্বলহীনার শব্দসুখ / তটিনী বড়ুয়া

উত্তরাধিকার সূত্রে আমি তেমন কিছু পাইনি পরিবার থেকে,
পেয়েছি শুধু ‘গুটিকয়েক শব্দ’।

দেশের নীতিনির্ধারকেরাও
আমাদের জন্য সেভাবে ভাবেনি,
দেননি সম্পত্তি ভাগের বিধিবিধান ।
আর এমনিতেও-
আমার মতাদর্শের মানুষেরা
সাধারণত নিঃস্বতাকে সঙ্গী করেই
নিঃশব্দে কাটিয়ে দেয় একটা পুরো জীবন…

তারপর যখন বয়স বাড়লো,
সংসারী হলাম,
কাঁধে জেঁকে বসলো “সুখ” নামের দায়িত্বের বোঝা।
তখন আমি শূন্য পকেটে-
আমার ‘গুটিকয়েক শব্দ’ দিয়ে সুখ কেনার চেষ্টায় বিভোর।

কিন্তু কি অদ্ভুত!
যেখানেই শব্দ ফেরি করতে যাই,
দেখি-ছাপার অক্ষরে সাজানো প্রকান্ড কিছু বাক্য,
আমায় ধিক্কার দিতে জানান দিচ্ছে –
শব্দ দিয়ে সুখ কেনা সম্বলহীনের কর্ম নয়।

আমি হাসলাম,
জীবনের উপসংহারে এসে বুঝলাম-
শূন্যতা বা শব্দ; দুটোই আর কিছু নয়-বিত্তবানের বিলাসিতা মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *