বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সমকালীন সমাজ-সংস্কৃতি-শিল্প-সাহিত্যে নারীর অবস্থান ঈর্ষণীয়। কাব্যসাহিত্যে নারী নানাভাবে চিত্রায়িত হয়েছে, নানা আঙ্গিকে, কখনো প্রত্যক্ষ বা কখনো পরোক্ষে। তবে কোনো কোনো কবি আছেন, যিনি তাঁর কবিতাগুলোতে এমন চিত্র অংকন করেন, যার রূপকাঠামো দেখে মুগ্ধ হতে হয়। সেখানে পাওয়া যায় নারীর প্রকৃত কণ্ঠস্বর। তারিফা হায়দার সেই ধারারই কবি। যিনি সংশয়-সংকোচ এড়িয়ে বক্তব্য প্রকাশে অনন্য; শব্দ প্রয়োগে সংযত। চমৎকার কথনে ব্যবচ্ছেদ করেন নিজের এনাটমি, তুলে ধরেন অতৃপ্ত কামনা-বাসনার উপ্ত রসায়ন। তাঁর কবিতায় প্রেম আছে, শরীর আছে, তবে তাঁর প্রকাশভঙ্গি অত্যন্ত শৈল্পিক ও রুচিস্নিগ্ধ।
তারিফা হায়দারের উচ্চারণ সাহসী, তবে উগ্র নয়; স্পষ্ট, অর্থবহ ও গভীর, তবে দুর্বোধ্য নয়। নিজের মতো করে বক্তব্য প্রকাশ করেন অবলীলায়। তাঁর লেখনীশক্তিতে আছে স্বকীয়তা, তাতে দুঃখ আছে, যাতনা আছে,বিরহ আছে, আছে প্রকৃতি ও জীবনের নানা অনুষঙ্গ। কবিতার প্রকাশভঙ্গি, বিষয়-বৈচিত্র্য ও শব্দের অনন্তের দোতনায় তিনি অনন্য। তাঁর বই ‘উড়ে যায় বিহঙ্গ মন’ তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
কবিতার বই ‘উড়ে যায় বিহঙ্গ মন’। এটি কবি ও আবৃত্তিশিল্পী তারিফা হায়দারের প্রথম গ্রন্থ। বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন। অঙ্গসজ্জা শিল্পী নাটু বিকাশ বড়ুয়া। মুদ্রণ: আইকো। মূল্য ২২০ টাকা। প্রকাশ করেছে শৈলী। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫। পাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম-এর বইমেলায়। ঢাকা স্টল নম্বর -৪০০, চট্টগ্রাম স্টল নম্বর ১-২।