বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

ক্যানভাসে আঁকা অচল স্ট্রেচারে / মাহবুবা চৌধুরী

ইচ্ছে হয় এই পৃথিবীর সব অন্ধকার আমার ভিতর
গোপনে লুকিয়ে রাখি
কেউ যেন চাইলেও না পারে উঁকি দিতে দুঃখমগ্ন আবদ্ধ হৃদয়ে।

এখানে আঁধার বড়ো বেশি তৃষিত বড়ো মাতাল
একদিকে বইছে সালসাবিলের পবিত্র নহর।
অন্য দিকে শরাবে সাকিতে নৃত্যের কৌশল মোহন নিনাদ।

কোন এক দিন
কোন অজানা দ্বীপের রাজহংসীর জীবন পেয়ে
এই পৃথিবীর তাবৎ দূষিত অন্ধকার কেটে
স্বর্গীয় ডানায় উড়ে গেছি
মানবিক রথে আলোক রশ্মির দিকে।
ডানায় দিগ্বিজয়ের নেশা, প্রসারিত হাতে স্বপ্নের লাগাম।

পাহাড় পর্বত নদী সরোবর গলিঘুঁজি পেরিয়ে যখন
দাঁড়ালাম এসে
কাঙ্ক্ষিত প্রান্তরে প্রখর রোদ্দুর হাতে
দেখি কিছুই নেই আগের মতো বদলে গেছে সবি।

উষ্ণীষ পরিহিত ধোপদুরস্ত সংস্কার কর্মীরা
উপবিষ্ট টগবগে ঘোড়ায়।
ধরে আছে পরিবর্তনের লাগামহীন লাগাম।

সূর্য অস্তাচলে,
দাঁড়িয়ে আছি অচেনা শহরের অজানা রহস্যে
কারো ক্যানভাসে আঁকা অচল স্ট্রেচারে।


আপনার মতামত লিখুন :

One response to “ক্যানভাসে আঁকা অচল স্ট্রেচারে / মাহবুবা চৌধুরী”

  1. “ইচ্ছে হয় এই পৃথিবীর সব অন্ধকার আমার ভিতর
    গোপনে লুকিয়ে রাখি” অসাধারণ ভাব-ভাবনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *