বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
তালুর বৈতালে আঙুলের আদরে
আহল্লাদী কমলা বকুল বীজ
হাতের রেখাগুলো জ্বলজ্বলে।
মধ্যনীর ফাঁকে কষ্টসময়ের কলমের
মৃদুক্ষত, হারিয়ে গেলে যাও-
হারানো বিজ্ঞাপনে অবাধ চেনার সূত্র
ঐ চেনা দাগ; চিন্ময় চয়ে,
উদাসীন দৃষ্টি নীরব সূঁচে
এফোড় ওফোঁড় করে আজো
উদ্বেল সান্ধ্য শ্রাবণ।
পরোক্ষ পরীক্ষা যদি পরনের
পোশাকে অভিমানের প্রতাপশালী
প্রপাত ছড়ায়, তবে পুষ্পশব ছড়ানো পথে
বৃথাই চড়োনা রথে!!
মৌনতা যদি মহাপ্রলয়ের
ঝড় হয়ে ধেয়ে আসে
তবে তার ললাটে ভাই ফোঁটা
লেপে দাও, মূলত যাপ্য যাত্রা যদি
নদী পাখি ঝরনার গান নয়,
তখন মৌন পাহাড়ের সুনসানবেশও
বারবার বিতন্ডার বিষাদ ছড়ায়!
প্রাক্তনপ্রমাদে প্রবীর প্রমত্তা হয়না ভগ্নমন;
তবে সুনির্দিষ্ট বিসর্জনের ক্ষোভটুকু জানুক
ডানাভাঙা উন্মুখ প্রজাপতি।
দেখো সাঁকোগুলো নুয়ে থাকে
দুকুল সবুজে ঘিরে থাকে
দূর গাঁ বেঁধে রাখে, কাছে ডাকে;
বুকে তার কত দলিত পায়ের নিনাদ
প্রকৃতি বিঘ্ন বিবাদ রাখে কি বুকে পুষে?