বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
চৈত্রদিনে এমন শ্রাবণ ধারায় ভিজে
ডেকে বললে হঠাৎ- বৃষ্টি হবে?
অভিমানের অমোঘ মেঘ সরিয়ে
নাহয় আজ আমায় একটু ছোঁবে!
কিন্তু আমি রোদ হতে চেয়েছি
অশ্রু যত শুষে নেবো বলে,
স্নিগ্ধ ভোরে ছুঁয়ে দেবো তোমায়
সুখের হাসি হাসবে দিন এগোলে।
ভর দুপুরে শ্রান্ত যখন তুমি
আমি তখন দক্ষিণ হাওয়ার বেশে,
ক্লান্তি যত কাটিয়ে দেবো ঠিক
জুড়োবে তোমার প্রাণ এক নিমিষে।
সেদিন আবার পলাশ রাঙা পথে
যাচ্ছি যখন হেঁটে দুজনে,
তুমি বললে- হতেই পারো পলাশ
মন রাঙাবে এমন ফাগুন দিনে।
আমি বললাম- নয়নতারা হই?
পলাশ!সেতো ফাগুন দিনের ফুল,
বছর জুড়ে রঙ ছড়াবো একাই
মন রাঙাতে হবেনা কোনো ভুল।
এরপরেও মান না ভাঙে যদি
পথ ভোলা ঐ পথিক নাহয় হবো!
তোমার হাতে হাতটি আমার রেখে
দুজন মিলে দিগন্তে হারাবো।