বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

একুশের দ্বারে ফিরি / রূপক কুমার রক্ষিত

মায়ের ভাষার সতীত্ব রক্ষায়
নৃশংস ঘৃণ্য ভয় উপেক্ষায়
পিচ ঢালা পথে, বুকের রক্তে,
নির্মম আহাজারী,
সংগ্রামী প্রেরণায় হৃদয় জাগাতে
একুশের দ্বারে ফিরি।

একুশে চেতনার পটভূমি তটে
জাতীয় সত্তার উন্মেষ ঘটে
নিহিত গভীরে, প্রোথিত শেকড়ে
দূর্জয় স্বাধীনতা দিশারী ,
গৌরব গাথা শৌর্য মহিমায়
একুশের দ্বারে ফিরি।

অন্ধকার পথে আশার প্রদীপ
নবজাগরণের বিমূর্ত প্রতীক
ত্যাগে ভাস্বর, বায়ান্ন-একাত্তর
অগ্নিগর্ভ ইতিহাসের লহরী,
দিক নির্দেশে আলোকবর্তিকা
একুশের দ্বারে ফিরি।

একুশের পথে স্বাধীন চেতনার
হাজার তারের বীণায় ঝংকার
এক সুরে গান, বাঁধে একতান
বিজয়ের প্রভাত ফেরী,
শহীদ মিনারে আলোর শপথে
একুশের দ্বারে ফিরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *