বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
আজ আমার মন ভালো নেই…!
অথচ চাঁদনি প্রহর আমার কপাল ছুঁয়েছে আজ,
দখিনা বাতাস আমার এলোকেশে ঢেউ খেলছে
এই মন খারাপ চাঁদনি প্রহর রাতে।
আমি কিন্তু একবারও আফসোস করিনি
আমার পাশের জায়গাটিতে শূন্যতা ব্যঙ্গ করছে আমাকে,
টিপ টিপ বৃষ্টির মত একা মধ্য রাতে
আর কত অশ্রু ঝরবে।
একা যখন কাঁদতে পারি,
একা হাসতে পারব না কেন।
জোনাকি পোকার লুসিফেরিন এর মত
নিজের শরীরে বাতি জালিয়ে রেখেছি,
যে বাতি পথ দেখাবে
কিভাবে একা দুর্গম পথ পাড়ি দেওয়া যায়।
আমি চাঁদের কাছ থেকে এটাই শিখেছি
কিভাবে একা অন্ধকারে জোছনা ছড়ানো যায়।
আমি কৃষ্ণচুড়া গাছ থেকে এটাই শিখেছি
কিভাবে নিজেকে রাঙিয়ে পথচারীর পথও রাঙানো যায়।
সাময়িক শিশিরে ভেজা কচি ঘাসের কাছ থেকে শিখেছি
কিভাবে সাময়িক টুকরো টুকরো আনন্দ নিয়ে
নিজেকে সতেজ রাখা যায়।
আজ আমার মন ভালো নেই, তাতে কি
আজ আমি মন উড়াবো নীল আকাশে ঐ রঙিন ঘুড়িটির মত,
আজ আমি মন বদল করবো সুখ পাখিটির সাথে।
আহা, সুখ সুখ সুখ অনুভূতি…!
মন… ভালো না হয়ে কি পারে।