শনিবার, ৩০ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

হে কবির কবি / জি এম জহির উদ্দীন

জন্ম তোমার বোশাখী খরায়-আম কাঁঠালের দিনে
তাই কি রসাল কাব্য কথার সে সুর লহরী বীণে !
তুমি নিয়ে এলে বাঙলা ভাষায়-অমৃত কথার ঝুড়ি
গল্প কথা সে অল্প তো নয় বিশাল মাপের ঘুড়ি-
উড়িয়ে যে দিলে- মন পবনের- আকাশ সীমার ‘পরে
সেই দিন থেকে এখনো যে ঠিক সুনীল আকাশে ওড়ে।

নাগালে তো নেই উড়ছে আকাশে সে কবিগুরুর ছবি
আমি দেখে দেখে ছবি এঁকে যাই হয়ে যাই এক কবি-
কবিতো তোমার- পদধূলি সম- ধূলি ও অনেক দামী!
আমি বলি তাই-কবি আমি নই সে কবির অনুগামী।
কবি বলা হলো-তাতেই-তুষ্ট- যেখানে সূর্য শিখা-
মাথার উপরে জ্বল জ্বল করে- সেখানে কি যায় লিখা?

এ যে লেখা নয় বন্দনা বাণী ভালোবাসা প্রীতি-মায়া
তুমি কবি নও কবিদের কবি মাথার উপরে – ছায়া
আজো শিখে যাই কবিতা কথায় লিখেছেন যত কথা
বন্দনা আছে- ভালবাসা-আছে- রয়েছে বিরহ ব্যথা
রয়েছে গল্প-কবিতা ও গান- প্রবন্ধ গীতি- ছড়া-
কবিতা তো নয় ! ছন্দ ও রসে রসালো স্বাদের বড়া !

সে ছন্দ রসে বিমোহিত হয় বিগলিত মন – প্রাণ
কেমনে প্রকাশি হে করিব কবি-অসীম তোমার দান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *