বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
বহুকাল ধরে পথ হেঁটে আমি এক ক্লান্ত পথিক
তবু গন্তব্য মিলে না, পাই না দৃঢ় আস্থার ফসল
না, কারো প্রতি অভিযোগ কিংবা আক্ষেপ নেই
এখন কেবল নিজেকেই প্রশ্ন করি-
এতটা অবোলা সরলা না হয়ে কিছুটা চতুর হলে
কি এমন ক্ষতি হতো?
অবোধ বলেই হয়ত পথে পা রেখে ভেবেছিলাম
আমিও মানুষ চিনি, বুঝতে পারি ভালোবাসা।
অথচ, যাপিতসময় চোখে আঙুল দিয়ে দেখিয়েছে
ভালোবাসাও মুখোশের আড়ালে প্রতারণায় ঢাকা!
ছলনার পটুত্ব দেখে হতবিহ্বল আমি
ভেতর থেকে ঝরঝর করে ভেঙে পড়ি,
নীরব হয়ে যাই নীরবতারও অধিক!
এখন নিশ্চুপ থেকে মানুষ চেনার চেষ্টা করি
পর্যবেক্ষণে দেখি, কোনটা আসল কিংবা নকল।
মাঝেমধ্যে নিজেকে জোড়াতালি দিয়ে
দাঁড় করাতে চেয়েও ব্যর্থ হই
ভাঙা টুকরোগুলোকে হয়ত জোড়া লাগানো যায়,
চূর্ণবিচূর্ণ কোনোকিছুকে তো জোড়া যায় না!
সময় এখন নিজেকেই জানতে শিখিয়েছে
অজস্র আসল নকলের ভীরে তাই নিজেকেই খুঁজি
মন দিয়ে শুনি ভেতরের নিস্তব্ধতা কিংবা কোলাহল।