রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

তুমি আমার প্রার্থনা, আমার সারা পৃথিবী / রিনিক মুন

তুমি কষ্ট দিও, যদি তাতে তোমার হাত আমার মাথায় রাখো।
আমি তপ্ত অগ্নির ভেতরেও শান্তি খুঁজে নেব
যদি জানি, তুমি আছো, আমার পাশে কোথাও, নিঃশব্দে।
তুমি রাগ করো, আমি তাও সহ্য করব-
শুধু তোমার চোখের কোণে যেন
আমার নামটা ঝরে না পড়ে অচেনা হয়ে।
তুমি দূরে থেকো না,
যদিও আমি দূরত্বে নয়, অভিমানে ভেঙে যাই।

তুমি জানো, আমার পৃথিবী তোমাকে নিয়েই বেঁচে থাকে।
তুমি যদি একদিন হারিয়ে যাও,
আমি দিকভ্রান্ত প্রজাপতির মতো ঘুরে বেড়াবো অন্ধ আলোয়,
ফিরে আসব তোমার নামের প্রতিধ্বনিতে।
তুমি যদি নীরব হও, আমি তোমার নীরবতাকেই শুনব,
কারণ তোমার চুপ থাকা মানে তোমার হৃদয়ের কথাগুলো
আমার শিরায় বয়ে চলা এক অদৃশ্য সুর।

তুমি যদি কখনো বলো, ‘থাক না, আজ একটু দূরে থাকি’
আমি তখন পৃথিবীর সব শব্দ বন্ধ করে দেব,
শুধু তোমার পদচারণার প্রতিধ্বনি শুনব আমার ভেতর।
তুমি দূরে গেলে আমি বেঁচে থাকি না,
আমি কেবল তোমার ছায়ায় ভেসে বেড়াই-
একটি অনন্ত প্রার্থনা হয়ে।
তুমি বুঝে নিও, আমি তোমাকে হারানোর ভয় পাই না,
আমি ভয় পাই, তুমি আমাকে ভুলে শান্ত হয়ে যাবে এই ভেবে
কারণ আমি এখন তোমার নামে জেগে থাকি,
তোমার নামেই ঘুমিয়ে পড়ি।

আমার সমস্ত অসম্পূর্ণতা, সমস্ত দুঃখ,
তোমার ভালোবাসায় পূর্ণ হয়ে যায়
যেমন শুকনো মাটি প্রথম বৃষ্টির গন্ধে জেগে ওঠে।

তুমি আমার নীরবতা, আমার প্রার্থনা, আমার সারা পৃথিবী
তুমি থাকলেই পৃথিবীটা জীবন্ত,
আর তুমি না থাকলে-
সব শব্দ, সব রঙ, সব জীবন থেমে যায় আমার ভেতরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *