বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

আমার উঠোন / বাসুদেব খাস্তগীর

উঠোনে নেচেছি বৃষ্টি ধারায় নূপুরের তালে তালে
বাড়ির উঠোন আমার হৃদয়ে মাঠ হয়ে আলো জ্বালে।
বিশাল সাগরে পাইনি নিজেকে একান্ত অনুভবে
বাড়ির উঠোন খেলাঘর হয়ে ছিলো আছে-ঠিক রবে।

উঠোন আমার ভর দুপুরের শীতল বটের ছায়া
শান্ত বিকেল এখানে ছড়াতো স্নিগ্ধ পরশ মায়া।
আমার উঠোন সকালে হাসতো ভোরের রবির সাথে
জোনাকিরা এসে জ্বালিয়ে প্রদীপ উতলা করতো রাতে।

উঠোনে মায়ের শাসন বারণে কান হতো ঝালাপালা
উঠোন আমার সবার সামনে বিমুগ্ধ পাঠশালা।
উঠোনের খেলা মনকে করছে উড়ন্ত এক পাখি
সব সুখ যেন উঠোনের মাঝে রোজ করে মাখাখাখি।

উঠোন শেখালো দুরন্তপনা হাঁটাহাঁটি ছোটাছুটি
উঠোন আমার অভুক্ত দিনে একখানা প্রিয় রুটি।
বিমুখ করে না বিষণ্নতায় উঠোনের সেই মাটি
উঠোন আমার তৃপ্তির রেশ শেষ চুমুকের বাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *