বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
প্রতিমা দাশ এক সৃজনপ্রয়াসী সম্ভাবনাময় কবি। তাঁর সৃজনকর্মকাণ্ডে দেশপ্রেম ও সমকালীন জীবনযন্ত্রণা মুখ্য হয়ে ওঠে। কবিতার সমৃদ্ধ ভুবনে যে আবেগ, আকুতি ও ভাবনার জন্ম দেন তিনি, তা হয়ে ওঠে নব-ভাবনায় সমৃদ্ধ। সমকালীন দেশ, সমাজ ও আমাদের যাপিত জীবন তাঁর কবিতায় প্রণিধানযোগ্য হয়ে উঠেছে। তাঁর কবিতায় ধরা দিয়েছে একজন সৃষ্টিশীল মানুষের হৃদয় ও মনের নানা স্তরের উন্মুখতা। সময়ের আর্তি ও দুঃখ-কষ্ট এবং যাতনার ছবি পংক্তির পর পংক্তির মধ্য দিয়ে উচ্চকিত এক বোধ তৈরি করেছে। কখনো মূর্ত ও কখনো বিমূর্ত রীতির প্রকাশে উজ্জ্বল হয়েছে তাঁর পংক্তিগুলো। তাঁর শিল্পীমনও যে কত প্রাণময়, সজীব ও নানা ভাবনায় আলোড়িত, তা উপলব্ধি করা যায় কবিতার চিত্রকল্পে। এখানে উঠে এসেছে কবির মনোজগৎ-সময়কাল, দৃষ্টিভঙ্গি, দর্শন, আপন ভাবনা। প্রতিমা দাশের দৃষ্টি উৎকৃষ্ট কবিতার দিকে, লক্ষ্য উন্নত রুচির দিকে। তাঁর কবিতা যে-কোনো কবিতাপাঠকের জন্য হৃদয়গ্রাহী আগ্রহের বিষয়।
কবিতার বই ‘চলো স্বপ্ন বুনি’। এটি প্রতিমা দাশের প্রথম গ্রন্থ। বইয়ের প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন। অঙ্গসজ্জা শিল্পী নাটু বিকাশ বড়ুয়া। মুদ্রণ: আইকো। মূল্য ২২০ টাকা। প্রকাশ করেছে শৈলী। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫। পাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম-এর বইমেলায়। ঢাকা স্টল নম্বর -৪০০, চট্টগ্রাম স্টল নম্বর ১-২।