বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সব সকাল শুভ হয় না,
কিছু সকাল অশুভও হয়,
কিন্তু কখনই লেখা হয না ‘অশুভ সকাল’।
রোজ সকালে সূর্য দীপ্তি যখন পর্দার ফাঁকে
উঁকি ঝুঁকি মারত,
তখন দেয়ালের কার্নিশের সাথে চলত আলোর লুকোচুরি খেলা।
পর্দা সরিয়ে নিলেই আলোর মিছিল চলত প্রকোষ্টের মেঝে জুড়ে।
আলোর সেই মিছিলে চোখ কচলিয়ে উঠতেই দেখতাম সেই রোজকার চিরকুট;
‘অশুভ সকাল’……
প্রতিদিন সেই চিরকুটের অপেক্ষায় আলোও যেন অপেক্ষা করত,
কখনো আলো মেঘের আড়ালে হারালেও তবু
জানিয়ে দিত
‘শুভ সকাল’।
ঘুম ভাঙ্গা প্রতিটি নতুন সকাল যেন অপেক্ষা করত সেই চিরকুটের
তবেই তো ঘুম ঙাঙবে
একটি ‘শুভ সকাল’দেখার অপেক্ষায় রোজ রাত্রি যেন ঘুমে নিমজ্জিত হত।
কিন্তু আজ সকালটি এমন কেন হলো?
আলোর মিছিলে কোথায় যেন চিরকুটটি হারিয়ে গেল;
চারিদিকে শোরগোল কিন্তু তখনও আমি চিরকুটটি খুঁজে ফিরি।
না না আমার ‘শুভ সকাল’ লেখা চিরকুট টাই লাগবেই,
এত খুঁজলাম কিন্তু কোথাও যেন চিরকুটটির চিহ্নটুকুও পেলাম না।
কোথাও পেলাম না।
তবে কী আজ সকালটা ‘অশুভ সকাল’?
আলো আছে কিন্তু চিরকুট নেই, মানুষ আছে কিন্তু সেই চিরকুট লেখার সেই মানুষটিই কোথাও নেই।
বুঝে নিলাম ‘অশুভ সকাল’ লেখার জন্য কেউ ই থাকে না।
কখনো কখনো সকাল শুধু “শুভ” হয় না ‘অশুভ’ও হয়,
কিন্তু লেখা হয় না ‘অশুভ সকাল’।
রাত্রিরা আজ নির্ঘুম থাকতে শিখে গেছে
থাকে না তাড়া আর কোনো চিরকুটের অপেক্ষায়।