শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
বিয়ের আগে পাত্রপক্ষ
কিচ্ছুটি আর চায় না তাদের, সুন্দরী পাত্রী চায়
সাথে মেয়ের বংশটাও করে যাচাই-বাছাই।
হাঁটাচলা, নরমসুরে কথাবলা, সেটাও আবার খোঁজে
মেয়ের বাবার পকেট কেমন সেটাও নেয় বুঝে।
বিয়ের আগে পাত্রপক্ষ
কিচ্ছুটি আর চান না তারা সুন্দরী হলেই চলে
নাক,কান, চুল সবই দেখেন নানান কৌশলে।
দফায় দফায় জনে জনে দেখেন বহুবার
তারপরও কতজনের রয়ে যায় আবদার।
বিয়ের আগে পাত্রপক্ষ
কচি মেয়ে লাগবে তাদের সবাই সেটা চায়
কচি মেয়ে পেয়ে তারা খুশিও সবাই হয়।
ছেলের বয়স যতই বাড়ুক মেয়ে লাগবে কচি
কচি পেয়ে খুশিতে তারা করে নাচানাচি।
বিয়ের আগে পাত্রপক্ষ
বউ নয়তো মেয়ে হয়ে থাকবে আমার ঘরে
ড্রইংরুমে শোভা পাবে বৌ’মা আসার পরে!
রান্নাঘরের আশেপাশে বৌ’মা যাবে না
শাশুড়ী মায়ের আদরের বউ কাজও করবে না!
বিয়ের আগে পাত্রপক্ষ
মেয়ের মতো করে বৌ’মা উচ্চ শিক্ষিত হবে
প্রয়োজনে চাকুরী করে সুখে রবে তবে।
যখন তখন খুশি মতো যাবে বাপের বাড়ি
বাপের বাড়ি যাওয়ার জন্য থাকবে তাদের গাড়ি!
বিয়ের আগে পাত্রপক্ষ
মনের মতো বৌ’কে নিয়ে ঘুরবে তাদের ছেলে
নাচন কোঁদন করে বৌ’মা খেলবে হেলেদুলে।
শাশুড়ী মা’র আদর খেয়ে ভাঙবে বৌ’মার ঘুম
বউ শাশুড়ী মজার গল্পে থাকবে যে মশগুল।
বিয়ের পরে পাত্রপক্ষ
বয়স কম তো কি হয়েছে,আক্কেল থাকতে হবে
রান্না ঘরের কাজ না পারলে খবর আছে তবে!!
রান্না ঘরের শোভা বাড়ে বৌ’মার কাজে কর্মে
মাথায় কাপড় রাখতে হবে আছে সেটা ধর্মে।
বিয়ের পরে পাত্রপক্ষ
রূপের কদর কিচ্ছু নয়তো, গুণটা হলো আসল
নিজের ঘরের বউকে তখন মনে হয় তাদের নকল।
কি দিয়েছে মেয়ের বাবা? সেটাই তখন বড়
একটু খানি কমতি হলে সংসারটা নড়বড়ে!
বিয়ের পরে পাত্রপক্ষ
বৌ’মা ছাড়া সবাই তখন জজ,ব্যারিস্টার, উকিল
নতুন বৌ’য়ের দোষ ধরাতে সবাই থাকে মশগুল।
হাঁটাচলা, কথাবলা সবই তখন দোষের
হাবিজাবি এইসব করে আগুন জ্বলে তুষের!
বিয়ের পরে পাত্রপক্ষ
কিছু কিছু শাশুড়ী মা হন যে তখন পুলিশ
কথায় কথায় বাপের বাড়ি করেন বৌ’মার নালিশ!
মায়ের সাথে তাল মিলিয়ে ননদ বাজায় ঢোল
চোখের জলে বালিশ ভিজে পড়ে কান্নার রোল।
বিয়ের পরে পাত্রপক্ষ
বাপের বাড়ি যেতে মানা,সবার আগে খেতে মানা
শাড়ি ছাড়া থ্রিপিস মানা,খিলখিল করে হাসতে মানা!
শশুর সামনে কথা মানা,অনেক নিয়ম থাকে অজানা
হাতে চুড়ি পরতে হবে,মঙ্গল হবে ঘরে তবে!!
বিয়ের পরে পাত্রপক্ষ
বৌ’য়ের আবার কিসের পড়া,শাশুড়ী তখন খুবই কড়া
নাতিপুতি লাগবে তাদের, শাশুড়ী মায়ের আদেশ করা!
যখন তখন ঘুম চলবে না,এই নিয়মটা সবার জানা।
পার্কে কিংবা রেস্টুরেন্টে যাওয়া আসা একদম মানা!!