শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ফাগুন এলেই ফুলেরা হাসে
গাছের ডালে ডাকে কোকিল
রফিক শফিক বরকত স্মরণে
শোকাহত হৃদয়টাও হয় নীল।
পলাশ শিমুলের লালরঙ দেখে
আহত হৃৎপি- শিউরে ওঠে!
গুলিবিদ্ধ শহীদের রক্তের দাগ
আজও বুঝি কৃষ্ণচূড়ার বুকে!
ফুলে ফুলে অলীর নাচনে
কোকিলের বিরামহীন কুহুতানে
যেন মায়ের ভাষা-ই ধ্বনিত হয়
বিমুগ্ধতার স্পর্শে বাজে কানে!
একুশের দিনে সাদাকালোতে
অগণিত মানুষ শহীদ মিনারে
মনেমনেই আমি শ্রদ্ধা জানাই
শোকার্ত অন্তরে দাঁড়িয়ে দূরে।
তবে, একুশ এখন যুবাদের উৎসব
তরুণীরাও গুঁজে খোঁপায় ফুল,
ভাষার ইতিহাস না জেনেই সবে
বৃথা সোরগোলে আনন্দে মশগুল।
ভাষার বিকৃতি তারা-ই করছে
একুশের প্রকৃত তাৎপর্য জানে না,
শুদ্ধ ভাষার চর্চা না হলেই
হৃদয়ে মরে যাবে একুশের চেতনা।
ভাইয়ের রক্তের স্রোতে রাঙানো
বর্ণমালার প্রতিটি অক্ষর,
মূঢ় পা-িত্যের নিত্য আস্ফালনে
অপমানে কাঁদে শহীদের অন্তর।