শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
কুতুবউদ্দিন বখতেয়ার একজন নিষ্ঠাবান শিশুসাহিত্যিক। দীর্ঘদিন ধরে তিনি লিখে চলেছেন ছড়া ও কিশোরকবিতা। ইতোমধ্যে তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এবার বেরোলো তাঁর ছড়াগ্রন্থ ‘মিষ্টি ছড়া আমার পড়া’।
অন্য যেকোনো শাখার তুলনায় ছড়াসাহিত্য খুব সংবেদনশীল এবং পাঠকের মনে তাৎক্ষণিক অনুভূতিতে ঢেউ তুলতে সক্ষম। শিশুরঞ্জনি ছড়ার গুরুত্ব অনেক। শিশুতোষ ছড়ার মূল প্রাণ আপাতত অর্থহীন শব্দের ব্যঞ্জনা। কেননা শিশুতোষ ছড়া কেবল শিশুদের আনন্দদানের জন্যই রচিত হয় এবং শিশুর বিকাশে এ ধরনের ছড়ার গুরুত্ব অপরিসীম। শিশুতোষ ছড়ার অন্যতম প্রধান দিক হলো সহজ সরল শব্দ ও ছন্দের প্রয়োগ। ছন্দের মধ্যে যেমন সাবলীলতা থাকে, তেমনি বক্তব্যে থাকে মজার উপাদান। মূল কথা হলো এ ধরনের ছড়ায় সাবলীল ছন্দের প্রয়োগ ও ছন্দ-তালের সমন্বয় জরুরি। কারণ শিশু যা পড়বে, মুখস্ত করবে। অর্থ না বুঝে পড়বে, বিষয় না বুঝেও পড়বে এবং সে পড়বে কেবল বড়োদের মুখে শুনতে শুনতে!
কুতুবউদ্দিন বখতেয়ারের ছড়াগুলো শিশুদের আনন্দ দিতে সক্ষম। তার পেছনে মূল কারণ, ছড়ার সামগ্রিক বিষয়, সাবলীল ছন্দ ও শব্দ চয়ন। যা পাঠে শিশুদের মুখের আড়ষ্টতা দূর হয়। তাঁর প্রতিটি ছড়ায় শিক্ষণীয় একটা বিষয় আছে। তা পড়ে একটা শিশু সহজেই কিছু শিখতে পারবে। তার সামনে ভেসে উঠবে একটা সুন্দর দৃশ্যকল্পের ছবি, যা তার কাছে একটা কাল্পনিক জগত তৈরি করতে সহায়ক হবে। বলা যায়, কুতুবউদ্দিন বখতেয়ারের প্রতিটি লেখার মধ্যেই ফুটে উঠেছে শিশুর প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা ও দরদ। তাঁর ছড়ায় আছে ছোটোদের মনভোলানোর বিচিত্র অনুষঙ্গ, আছে স্বপ্নরাজ্যের হাতছানি।
উপমা ও চিত্রকল্পে তাঁর ছড়াগুলো পেয়েছে বাড়তি ব্যঞ্জনা। শিশুদের নির্মল আনন্দ দান এবং তাদের মন মানসিকতাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে শিশুতোষ ছড়ার যে অবিস্মরণীয় ভূমিকা রয়েছে, তা স্মরণে রেখেই কুতুব নির্বাচন করেছেন ছড়ার বিষয়বস্তু। আশা করি, সকার ভালো লাগবে।
কুতুবউদ্দিন বখতেয়ারের ছড়ার বই ‘মিষ্টি ছড়া আমার পড়া’র প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন। অলংকরণ শিল্পী নাটু বিকাশ বড়ুয়া। মুদ্রণ: আইকো। মূল্য ২২০ টাকা। প্রকাশ করেছে শৈলী। প্রকাশকাল ফেব্রুয়ারি ২০২৫। পাওয়া যাবে ঢাকা চট্টগ্রাম-এর বইমেলায়। ঢাকা স্টল নম্বর -৪০০, চট্টগ্রাম স্টল নম্বর ১-২।
বইটি প্রকাশের ক্ষেত্রে শৈলী প্রকাশনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।